কোটচাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন: দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার তিনটার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম ছোয়া খাতুন। সে কাঠালিয়া গ্রামের রাকিব হোসেনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে ছোয়া খাতুনকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।এসময় ঘরের ভেতরে থাকা দেড় বছরের শিশু ছোয়া খাতুন আগুনে পুড়ে গুরুতর আহত হয়। আগুন ও শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।চিকিৎসকরা জানান, শিশুটির শরীরের বেশিরভাগ অংশ আগুনে ঝলসে গেছে। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরও শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই আনুমানিক তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply