বাঁশখালীতে পাহাড় কেটে ইটভাটার মাটি সংগ্রহ, মোবাইল কোর্টের অভিযান
শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি (চূড়ামনি) এলাকায় পাহাড় কেটে ইটভাটার কাঁচামাল সংগ্রহের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা সহকারী কমিশনার(ভূমি), বাঁশখালী মোঃ ওমর সানী আকন।অভিযানে এএসসি ও জেবিএম ব্রিক ফিল্ড এলাকায় পাহাড় কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ কাজে জড়িত হিসেবে দুইজনের নাম উঠে আসে। তারা হলেন— জামাল হোসেন, স্বত্বাধিকারী, মেসার্স জামাল ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স (জেবিএম) এবং ফরিদ উদ্দিন চৌধুরী, স্বত্বাধিকারী, আবদুস ছোবান চৌধুরী ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স (এএসসি)।তদন্তে জানা যায়, তাদের নিযুক্ত শ্রমিকরা এক্সক্যাভেটরের সাহায্যে পাহাড় কেটে ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি সংগ্রহ করছিলেন। সরেজমিনে আরও দেখা যায়, ইট তৈরির জন্য পাহাড়ের মাটি ও কৃষিজমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি ইট পোড়ানোর জ্বালানি হিসেবে পাহাড়ের বিভিন্ন প্রজাতির কাঠ ব্যবহার করা হচ্ছে।অভিযান চলাকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করে বাঁশখালী থানার জিম্মায় দেওয়া হয়।তবে অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। ফলে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭ ধারার আওতায় তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। এ প্রেক্ষিতে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply